Showing posts with label সত্যেন্দ্রনাথ দত্ত. Show all posts
Showing posts with label সত্যেন্দ্রনাথ দত্ত. Show all posts

Friday, 2 August 2019

সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা --- ইলশে গুঁড়ি

ইলশে গুঁড়ি
সত্যেন্দ্রনাথ দত্ত

ইলশে গুঁড়ি!          ইলশে গুঁড়ি

ইলিশ মাছের ডিম।
ইলশে গুঁড়ি          ইলশে গুঁড়ি
দিনের বেলায় হিম।
কেয়াফুলে ঘুণ লেগেছে,
পড়তে পরাগ মিলিয়ে গেছে,
মেঘের সীমায় রোদ হেসেছে
আলতা-পাটি শিম্।
ইলশে গুঁড়ি          হিমের কুঁড়ি,
রোদ্দুরে রিম্ ঝিম্।
হালকা হাওয়ায়          মেঘের ছাওয়ায়
ইলশে গুঁড়ির নাচ, –
ইলশে গুঁড়ির          নাচন্ দেখে
নাচছে ইলিশ মাছ।
কেউ বা নাচে জলের তলায়
ল্যাজ তুলে কেউ ডিগবাজি খায়,
নদীতে ভাই জাল নিয়ে আয়,
পুকুরে ছিপ গাছ।
উলসে ওঠে মনটা, দেখে
ইলশে গুঁড়ির নাচ।

ইলশে গুঁড়ি          পরীর ঘুড়ি

কোথায় চলেছে,
ঝমরো চুলে          ইলশে গুঁড়ি
মুক্তো ফলেছে!
ধানের বনে চিংড়িগুলো
লাফিয়ে ওঠে বাড়িয়ে নুলো;
ব্যাঙ ডাকে ওই গলা ফুলো,
আকাশ গলেছে,
বাঁশের পাতায়          ঝিমোয় ঝিঁঝিঁ,
বাদল চলেছে।

মেঘায় মেঘায়          সূর্য্যি ডোবে

জড়িয়ে মেঘের জাল,
ঢাকলো মেঘের          খুঞ্চে-পোষে
তাল-পাটালীর থাল।
লিখছে যারা তালপাতাতে
খাগের কলম বাগিয়ে হাতে
তাল বড়া দাও তাদের পাতে
টাটকা ভাজা চাল;
পাতার বাঁশী          তৈরী করে’
দিও তাদের কাল।

খেজুর পাতায়          সবুজ টিয়ে

গড়তে পারে কে?
তালের পাতার          কানাই ভেঁপু
না হয় তাদের দে।
ইলশে গুঁড়ি – জলের ফাঁকি
ঝরছে কত বলব তা কী?
ভিজতে এল বাবুই পাখী
বাইরে ঘর থেকে; –
পড়তে পাখায়          লুকালো জল
ভিজলো নাকো সে।

ইলশে গুঁড়ি!          ইলশে গুঁড়ি!

পরীর কানের দুল,
ইলশে গুঁড়ি!          ইলশে গুঁড়ি!
ঝরো কদম ফুল।
ইলশে গুঁড়ির খুনসুড়িতে
ঝাড়ছে পাখা – টুনটুনিতে
নেবুফুলের          কুঞ্জটিতে
দুলছে দোদুল দুল্;
ইলশে গুঁড়ি           মেঘের খেয়াল
ঘুম-বাগানের ফুল।

Wednesday, 27 February 2019

সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা --- ভোরাই

ভোরাই
সত্যেন্দ্রনাথ দত্ত


ভোর হল রে, ফর্সা হ’ল, দুল্ ল ঊষার ফুল-দোলা !
আন্ কো আলোয় যায় দেখা ওই পদ্মকলির হাই-তোলা !
জাগলো সাড়া নিদ্ মহলে,
 অ-থই নিথর পাথার-জলে–
আলপনা দ্যায় আল্ তো বাতাস,ভোরাই সুরে মন ভোলা !

ধানের ক্ষেতের সব্ জে কে আজ সোহাগ দিয়ে ছুপিয়েছে !
সেই সোহাগের একটু পরাগ টোপর-পানায় টুপিয়েছে !
আলোর মাঠের কোল ভরেছে,
 অপরাজিতার রং ধরেছে–
নীল-কাজলের কাজল-লতা আস্ মানে চোখ ডুবিয়ে যে |

কল্পনা আজ চলছে উড়ে হাল্ কা হাওয়ায় খেল্ খেলে !
পাপ্ ড়ি-ওজন পান্ সি কাদের সেই হাওয়াতেই পালপেলে !
মোতিয়া মেঘের চামর পিঁজে 
পায়রা ফেরে আলোয় ভিজে
পদ্মফুলের অঞ্জলি যে আকাশ-গাঙে যায় ঢেলে !

পূব্ গগনে থির নীলিমা ভুলিয়েছে মন ভুলিয়েছে !
পশ্চিমে মেঘ মেলছে জটা–সিংহ কেশর ফুলিয়েছে !
হাঁস চলেছে আকাশ-পথে,
 হাসছ কারা পুষ্প-রথে,–
রামধনু-রং আঁচলা তাদের আলো-পাথার দুলিয়েছে !

শিশির-কণায় মানিক ঘনায়, দূর্বাদলে দীপ জ্বলে !
শীতল শিথিল শিউলী-বোটায় সুপ্ত শিশুর ঘুম টলে |
আলোর জোয়ার উঠছে বেড়ে 
গন্ধ-ফুলের স্বপন কেড়ে,
বন্ধ চোখের আগল ঠেলে রঙের ঝিলিক্ ঝল্ মলে !

নীলের বিথার নীলার পাথার দরাজ এ যে দিল্ খোলা !
আজ কি উচিত ডঙ্কা দিয়ে ঝাণ্ডা নিয়ে ঝড় তোলা ?
ফির্ ছে ফিঙে দুলিয়ে ফিতে; 
বোল ধরেছে বুল্ বুলিতে !
গুঞ্জনে আর কূজন-গীতে হর্ষে ভূবন হর্ বোলা !

Saturday, 23 February 2019

সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা --- পালকির গান

পালকির গান
সত্যেন্দ্রনাথ দত্ত

পালকি চলে!
পালকি চলে!
গগন-তলে
আগুন জ্বলে!
স্তব্ধ গাঁয়ে
আদুল্ গায়ে
যাচ্ছে কারা
রৌদ্রে সারা

ময়রা মুদি
চক্ষু মুদি'
পাটায় ব'সে
ঢুলছ ক'ষে!
দুধের চাঁছি
শুকছে মাছি,_
উড়ছে কতক
ভন্ ভনিয়ে।_
আসছে কা'রা
হন্ হনিয়ে?
হাটের শেষে
রুক্ষ বেশে
ঠিক্ দুপুরে
ধায় হাটুরে!

কুকুরগুলো
শুঁকছে ধুলো,_
ধুঁকছে কেহ
ক্লান্ত দেহ।
ঢুকছে গরু
দোকান-ঘরে,
আমের-গন্ধে
আমোদ করে!

পালকি চলে,
পালক চলে_
দুল্কি চালে
নৃত্য তালে!
ছয় বেহারা,_
জোয়ান তারা,_
গ্রাম ছাড়িয়ে
আগ্ বাড়িয়ে
নামলো মাঠে
তামার টাটে!
তপ্ত তামা;_
যায় না থামা,_
উঠ্ছে আলে
নামছে গাঢ়ায়,_
পালকি দোলে
ঢেউয়ের নাড়ায়!
ঢেউয়ের দোলে
অঙ্গ দোলে!

মেঠো জাহাজ
সামনে বাড়ে,_
ছয় বেহারার
চরণ-দাঁড়ে!

কাজ্লা সবুজ
কাজল প'রে
পাটের জমী
ঝিমায় দূরে!
ধানের জমী
প্রায় সে নেড়া,
মাঠের বাটে
কাঁটার বেড়া!

'সামাল্' হেঁকে
চলল বেঁকে
ছয় বেহারা,_
মর্দ্দ তারা!
জোর হাঁটুনি
খাটনি ভারি;
মাঠের শেষে
তালের সারি।

তাকাই দূরে,
শূন্যে ঘুরে
চিল্ ফুকারে
মাঠের পারে।
গরুর বাথান,_
গোয়াল-থানা,_
ওই গো! গাঁয়ের
ওই সীমানা!

বৈরাগী সে,_
কণ্ঠী বাঁধা,_
ঘরের কাঁথে
লেপছে কাদা
মটকা থেকে
চাষার ছেলে
দেখছে, ডাগর
চক্ষু মেলে!
দিচ্ছে চালে
পোয়াল গুছি;
বৈরাগীটির
মূর্ত্তি শুচি।

পরু জাপতি
হলুদ বরণ,_
শশার ফুলে
রাখ্ছে চরণ!
কার বহুড়ি
বাসন মাজে?_
পুকুর ঘাটে 
ব্যস্ত কাজে,_
এঁটো হাতেই
হাতের পোঁছায়
গায়ের মাথায়
কাপড় গোছায়!

পালক দেখে
আসছে ছুটে
ন্যাংটা খোকা,_
মাথায় পুঁটে!

পোড়ার আওয়াজ
যাচ্ছে শোনা,_
খোড়ো ঘরে
চাঁদের কোণা!
পাঠশালাটি
দোকান-ঘরে,
গুরুমশাই
দোকান করে!
পোড়া ভিটের
পোতার 'পরে
শালিক নাচে
ছাগল চড়ে।

গ্রামের শেষে
অশথ-তলে
বুনোর ডেরায়
চুল্লী জ্বলে;
টাটকা কাঁচা
শাল-পাতাতে
উড়ছে ধোঁয়া
ফ্যান্সা ভাতে।

গ্রামের সীমা
ছাড়িয়ে, ফিরে
পাল্কী মাঠে
নামলো ধীরে;
আবার মাঠে,_
তামার টাটে,_
কেউ ছোটে, কেউ
কষ্টে হাঁটে;
মাঠের মাটি
রৌদ্রে ফাটে,
পালকি মাতে
আপন নাটে!

শঙ্খচিলের
সঙ্গে, যেচে_
পাল্লা দিয়ে
মেঘ চলেছে!
তাতারসির
তপ্ত রসে
বাতাস সাঁতার
দেয় হরষে!
গঙ্গাফড়িং
লাফিয়ে চলে,
বাঁধের দিকে
সূর্য্য ঢলে।

পালকি চলে রে!
অঙ্গ ঢলে রে!
আর দেরী কত?
আরো কত দূর?
''আর দূর কি গো?
বুড়ো-শিবপুর
ওই আমাদের;
ওই হাটতলা,
ওরি পেছুখানে
ঘোষেদের গোলা।''

পালকি চলে রে,
অঙ্গ টলে রে;
সূর্য্য ঢলে,
পালকি চলে!

Monday, 28 January 2019

সত্যেন্দ্রনাথ দত্তের - ঝর্ণা

ঝর্ণা

ঝর্ণা ! ঝর্ণা ! সুন্দরী ঝর্ণা
তরলিত চন্দ্রিকা চন্দন বর্না
অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে
গিরি মল্লিকা দোলে কুন্তলে কর্ণে
তনু ভরি যৌবন তাপসী অপণা ! ঝর্ণা !!


পাষাণের স্নেহ ধারা তুষারের বিন্দু
ডাকে তোরে চিতলোল উতরোল সিন্ধু
মেঘ হানে জুঁইফুলি বৃষ্টি ও অঙ্গে
চুমাচুমকির হারে চাঁঁদ ঘেরে রঙ্গে
ধুলা ভরা দেয় ধরা তোর লাগি ধর্ণা ! ঝর্ণা !!


এসো তৃষ্ণার দেসে এসো কলহাস্যে
গিরি-দরি-বিহারিনী হরিণীর লাস্যে
ধূসরের উষরের করো তুমি অন্ত
শ্যামলীয়া ও পরশে করো গো সীমন্ত
ভরা ঘট এসো নিয়ে ভরসায় ভরনা ! ঝর্ণা !!


শৈলের পৈঠায় এসো তনুগাত্রী
পাহাড়ের বুকচেরা এসো প্রেমদাত্রী
পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো
হরিচরণচ্যূতা গঙ্গার প্রায় গো
স্বর্গের সুধা আনো মর্ত্যে সুপর্ণা ! ঝর্ণা !!


মঞ্জুল হাসির বেলোয়ারি আওয়াজে
ওলো চঞ্চলা তোর পথ হল ছাওয়া যে
মোতিয়া মোতির কুঁড়ি ফুটছে ও অলকে
মেখলায় মরি মরি রামধনু ঝলকে
তুমি স্বপ্নের সখী বিদ্যুৎপর্ণা ! ঝর্ণা !!